ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
ইরান যুদ্ধ ও ইয়েমেনে সৌদি আরব-হুতি সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ক্যাম্প ডেভিডে গোপন বৈঠক করেছেন। শুক্রবার কয়েক ঘণ্টা ধরে চলা এ বৈঠকের বিষয়ে আগাম কোনো ঘোষণা দেয়নি ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অংশ নেন।
তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
এ ধরনের বৈঠক খুবই বিরল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের জুনে ক্যাম্প ডেভিডে একই ধরনের বৈঠক হয়েছিল। ওই বৈঠকের কয়েক দিন পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল।
এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন বলে অ্যাক্সিওস জানিয়েছে।
অন্যদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পরিকল্পিত অভিযানে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার জন্য ওয়াশিংটনের ওপর চাপ রয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব হুতিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার সহায়তা চেয়েছে। তবে ট্রাম্প প্রশাসন আপাতত সরাসরি সামরিক অংশগ্রহণে অনাগ্রহী বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি পরিবর্তিত হলে এ অবস্থান বদলাতে পারে বলেও তারা জানিয়েছেন।
শুক্রবার ক্যাম্প ডেভিডে বৈঠক চলাকালে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ জানতে চান। তবে তিনি নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি। ট্রাম্প বলেন, এখনই বিষয়টি জানালে সেটি বড় খবর হয়ে যাবে। একই সঙ্গে তিনি পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।