ইরানে মার্কিন হামলায় ১৮ জন নিহত, আহত ১৪২
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

ইরানে মার্কিন হামলায় ১৮ জন নিহত, আহত ১৪২
আন্তর্জাতিক ডেস্ক
ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর এ তথ্য জানিয়েছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর জানান, ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।
কারমানপুর বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ ও একটি পরিবার রয়েছে।
রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। এতে প্রায় এক মাস ধরে চলা যুদ্ধবিরতির মতো পরিস্থিতির অবসান ঘটে।
যুক্তরাষ্ট্রের দাবি, সমুদ্রের মাইন বহনে সক্ষম রকেট মোতায়েনের প্রস্তুতি দেখতে পাওয়ার পর ইরানের দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।
এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এরপর মঙ্গলবার রাতে ইরানের ভেতরে আইআরজিসির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত ২০২৬ সালের ১৮ জুনের একটি সমঝোতা স্মারক ভেঙে পড়ার পর নতুন করে তীব্র হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতবিরোধের জেরে জুলাইয়ে আবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।