ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ
- আপলোডের সময় : Monday, August 17, 2026,

ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘদিন ধরে বুকসমান কাদার মধ্যে বেঁধে রাখা চারটি মহিষ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে মহিষগুলোকে শুকনা ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষগুলোর দুর্ভোগের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নজরে আসে। পরে তাঁর হস্তক্ষেপে প্রশাসনের পক্ষ থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আব্দুল আলীম প্রায় ছয় মাস ধরে চারটি মহিষকে বুকসমান কাদার মধ্যে বেঁধে রেখেছিলেন। কাদার মধ্যেই মহিষগুলোকে খাবার গ্রহণ, দাঁড়িয়ে থাকা এমনকি ঘুমাতেও হতো।
দীর্ঘদিন এমন অস্বাস্থ্যকর ও কষ্টকর পরিবেশে থাকার কারণে মহিষগুলোর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল বলে জানান স্থানীয়রা। মহিষগুলোকে কাদা থেকে তুলে নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করা হলেও মালিক তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মহিষগুলো উদ্ধার করে শুকনা ও নিরাপদ স্থানে রাখা হয়েছে। মহিষের মালিককে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পর্যাপ্ত জায়গা, শুকনা মেঝে, খাবার-পানি এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না করলে মালিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










