আশুলিয়া-ধামরাইয়ে পৃথক অভিযানে গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

আশুলিয়া-ধামরাইয়ে পৃথক অভিযানে গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪
মো. রাশেদুজ্জামান
বিশেষ প্রতিনিধি
ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৬ রাউন্ড গুলি, ৫০ পুরিয়া হেরোইন ও ৫ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) রাতে আশুলিয়ার বারইপাড়া ও নবীনগর এবং ধামরাইয়ের বালিথা এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দিলদার মিয়া (৩৫) ও সুমন তালুকদার (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রাত ১০টা ১০ মিনিটে ধামরাইয়ের বালিথা এলাকায় অভিযান চালিয়ে মাসুম মিয়া ওরফে মাজু (২৪) নামে একজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে জান্নাত হোসেন সোহাগ (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।