আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক গ্রেপ্তার
- আপলোডের সময় : Thursday, August 13, 2026,

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক গ্রেপ্তার
মো. হৃদয় চৌধুরী
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক স্রো (২২) নামে ম্রো সম্প্রদায়ের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যামণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চংলক স্রো মাতামুহুরি রিজার্ভের মেনতাম পাড়ার বাসিন্দা মেনথন স্রোর ছেলে।
পুলিশ সূত্র জানায়, কাদাঝিরি নৌকাঘাট এলাকায় মাদকের একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া ও পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের (৫৮ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকা ঘেরাও করে চংলক স্রোকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরনের হাফপ্যান্টের পকেট থেকে ১১৬ গ্রাম ওজনের ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চংলক স্রো জানিয়েছেন, অধিক লাভের আশায় তিনি মিয়ানমার সীমান্ত থেকে পাইকারি দামে ইয়াবা কিনে এনে আলীকদমের বিভিন্ন খুচরা বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিলেন।
আলীকদম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধার করা ইয়াবাসহ আসামিকে থানায় নেওয়া হয়। পরে এসআই নিশাত বড়ুয়া বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৩, তারিখ ১৩ আগস্ট ২০২৬।
গ্রেপ্তার চংলক স্রোকে পুলিশ পাহারায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।









