আদালতের হাজত থেকে পালানো মাদক মামলার আসামি পুনরায় গ্রেপ্তার
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

আদালতের হাজত থেকে পালানো মাদক মামলার আসামি পুনরায় গ্রেপ্তার
আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি
আমার সকাল ২৪
হবিগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া ২৫ পিস ইয়াবা মামলার আসামি কয়েছ মিয়াকে (২৮) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর পর দিনভর অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার শিবপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কয়েছ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আবিউর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট পুলিশ কয়েছ মিয়াকে হাজতখানায় রেখে প্রক্রিয়াকরণ করার সময় কোনো এক ফাঁকে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান শুরু করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে কয়েছ মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, ইয়াবাসহ আটক আসামি কয়েছ মিয়াকে আদালতে সোপর্দ করার পর তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে পুলিশের তাৎক্ষণিক অভিযানে রাতেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোর্ট হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।