আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি
মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর একটি প্রশস্ত ও আধুনিক ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বর্তমানে সেখানে থাকা পুরনো ও অত্যন্ত সরু ব্রিজটি এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি এতটাই সরু যে একটি ভ্যান উঠলেই পুরো পথ অবরুদ্ধ হয়ে পড়ে। এ অবস্থায় বিপরীত দিক থেকে অন্য কোনো ভ্যান, সিএনজি বা ছোট যানবাহন তো দূরের কথা, পথচারীদের চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন সিংসাড়া, দমদমা, দীঘা, কাশোপাড়া, শুটকিগাছা, চৌয়ড়বাড়ী, বেওয়া, ভবানীপুর, মির্জাপুর, রসুলপুর, গোন্ডগোহালী, কুশাতলা, ডাঙ্গাপাড়া, বারুইপাড়া, কুদাপাড়া, মরুগ্রাম, ব্রজপুর ও নওদাপাড়াসহ অন্তত ২০টি গ্রামের মানুষ। এসব এলাকার বাসিন্দাদের নওগাঁ জেলা সদর, সীমান্তবর্তী বাগমারা-ভবানীগঞ্জ এবং রাজশাহী শহরে যাতায়াতের জন্য এটিই প্রধান সড়ক।
প্রতিদিন স্থানীয় কেজি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি কলেজের শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করে। পাশাপাশি মুমূর্ষু রোগী পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাত করতেও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় জনভোগান্তি নিরসনে অবিলম্বে ১২০ ফুট দীর্ঘ একটি নতুন ও প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. আইয়ুব আলী বলেন, “জরাজীর্ণ ও সরু এই ব্রিজের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। একটি গাড়ি উঠলেই অপর পাশের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রায়ই যানজট ও ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তার স্বার্থে দ্রুত একটি ১২০ ফুট দীর্ঘ আধুনিক ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।”
এলাকাবাসী নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দূর করতে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।










