আজমিরীগঞ্জে ৫০ শয্যার ভবন প্রস্তুত, চালু হয়নি চিকিৎসাসেবা
- আপলোডের সময় : Friday, September 18, 2026,

আজমিরীগঞ্জে ৫০ শয্যার ভবন প্রস্তুত, চালু হয়নি চিকিৎসাসেবা
ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
হবিগঞ্জ
হাওরবেষ্টিত দুর্গম জনপদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার লাখো মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধার অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। নতুন ভবন নির্মাণ করা হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে স্থানীয়দের।
৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগের অংশ হিসেবে চারতলা একটি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে পুরুষ ও গাইনি ওয়ার্ড, পৃথক কেবিন, আধুনিক অপারেশন থিয়েটার ও এক্স-রে রুমসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। তবে এসব সুবিধার অধিকাংশই এখনো চালু হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নতুন অবকাঠামো থাকলেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা মিলছে না। ইসিজি, রক্ত পরীক্ষা ও এক্স-রের মতো মৌলিক পরীক্ষার সুবিধা বন্ধ থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে। সামান্য জটিলতা দেখা দিলেই অনেক রোগীকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “এখানে সামান্যতম চিকিৎসাসেবাও মেলে না। কোনো পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় একটু জটিল হলেই রোগীদের জেলা সদরে স্থানান্তর করা হয়।”
রোগীর স্বজন সায়মুন মিয়া বলেন, আজমিরীগঞ্জ ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরতা থাকলেও প্রয়োজন অনুযায়ী সেবা পাওয়া যাচ্ছে না।
জয়নাল মিয়া ও রিপন মিয়া অভিযোগ করেন, রোগীর তুলনায় হাসপাতালে চিকিৎসক কম। একই সঙ্গে পানীয় জলের মতো মৌলিক সুবিধাও পর্যাপ্ত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন ভবন ও অবকাঠামো বাড়লেও ৫০ শয্যার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল এখনো বাড়ানো হয়নি। বর্তমানে চিকিৎসকের ১৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৮ জন। ফলে ১১টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ২৫টি সিনিয়র স্টাফ নার্সের পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন। অন্যান্য বিভাগেও ১৬টি পদ শূন্য রয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, বর্তমানে ৩১ শয্যার জনবল দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন ভবনের প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হলে পর্যায়ক্রমে ৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম চেয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, হাওরাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সচল এবং নতুন ভবনের প্রশাসনিক অনুমোদন দিয়ে ৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা প্রয়োজন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।