আখাউড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

আখাউড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়ার দেবগ্রাম এলাকার ইমন খান (২৯), নুরপুর এলাকার মো. আনিসুর রহমান (৩৮) এবং কোড্ডা এলাকার শওকত আলী। শওকত আলী বর্তমানে আখাউড়ার মসজিদপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিজয়নগর উপজেলার তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় আখাউড়া থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার তিনজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।









