আওয়ামী লীগের সাবেক এমপি ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই
- আপলোডের সময় : Thursday, August 13, 2026,

আওয়ামী লীগের সাবেক এমপি ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই
ঢাকা, ১৩ আগস্ট: চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুহাম্মদ রফিকুল ইসলাম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষাজীবন শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।
দীর্ঘ সামরিক জীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সামরিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।










