অনিশ্চয়তায় আর্জেন্টিনা-বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

অনিশ্চয়তায় আর্জেন্টিনা-বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হলেও শেষ মুহূর্তে অনিশ্চয়তায় পড়েছে বুরকিনা ফাসোর ম্যাচটি। শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে একটি চার্টার্ড ফ্লাইটে করে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়েছে বুরকিনা ফাসো দল। তবে দীর্ঘ ভ্রমণজটিলতা ও দলের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর মরক্কো থেকে বুয়েনস আইরেসের উদ্দেশে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি হঠাৎ বাতিল হয়ে যায়। এতে বুরকিনা ফাসোর খেলোয়াড় ও কর্মকর্তারা কয়েক দিন মরক্কোয় আটকে থাকেন। পরে শুক্রবার রাতে বিকল্প চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হলেও বুয়েনস আইরেসে পৌঁছাতে দীর্ঘ সময়ের বিমানভ্রমণ করতে হচ্ছে দলটিকে। ফলে ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ সীমিত হয়ে পড়েছে।
পরিস্থিতিকে আরও জটিল করেছে দলের অভ্যন্তরীণ সংকট। অনুসন্ধানী সাংবাদিক রোমেন মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, সাংগঠনিক সমস্যা ও আর্থিক বিষয় নিয়ে বিরোধের কারণে বুরকিনা ফাসোর কয়েকজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে গেছেন এবং তারা আর্জেন্টিনা সফরে যাচ্ছেন না।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনও ভ্রমণজটিলতার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ৩০ সেপ্টেম্বর নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি কোনো আগাম নোটিশ ছাড়াই বাতিল হওয়ায় জাতীয় দলের যাত্রাসূচি নতুন করে সাজাতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন ও মরক্কোয় নিযুক্ত দেশটির দূতাবাসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ভ্রমণ ও সময়সংকটের কারণে খেলোয়াড়দের মধ্যে ম্যাচটি নিয়ে অনীহা তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুরকিনা ফাসো শেষ পর্যন্ত বুয়েনস আইরেসে পৌঁছে ম্যাচে অংশ নিতে পারবে কি না, সেটিই এখন মূল প্রশ্ন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।