অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণসামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণসামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন
মো. আরফান আলী:
ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী জগেন চন্দ্র রায়ের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, হাঁসের খামার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি চরম সংকটে পড়ে।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন উদারতা ফাউন্ডেশন। পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় টিন ও পিলারসহ নির্মাণসামগ্রী প্রদান করা হয়েছে।
সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে এসব নির্মাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের জীবনের সব অর্জন কেড়ে নিতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে উদারতা ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। মাথা গোঁজার ঠাঁই তৈরির চিন্তায় যখন অনিশ্চয়তায় ছিলেন, তখন উদারতা ফাউন্ডেশনের দেওয়া টিন ও পিলার তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উদারতা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।









