
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন-এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিনিয়র সচিব আখতার আহমেদ-এর সই করা গেজেট প্রকাশ করা হয়।
মোট ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে। এছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয়সহ অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। গণভোটে ভোটের হার ছিল ৬০.২৬ শতাংশ। ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলোতে জয়লাভ করেছে।