
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাক ভর্তি ধানের তুষের বস্তার মধ্যে লুকানো প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত প্রায় ৩টায় একটি সন্দেহভাজন ট্রাক দেখতে পেয়ে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।
পরবর্তী তল্লাশিতে দেখা যায়, বস্তাভর্তি ধানের তুষের মধ্যে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকানো রয়েছে। ট্রাকের বস্তার ভেতর থেকে একটি সিমকার্ড সাপোর্টেড গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়েছে। এসব পণ্য অবিলম্বে জব্দ করা হয়।
একই দিনে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। এর আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৬০০ টাকা।
জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।