
মস্ত মিয়া, শেষ প্রতিনিধি
ঢাকা, ২৯ মার্চ ২০২৬:
গতকাল ২৮ মার্চ ২০২৬ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এই সফর কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সফরের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে জর্জিয়া স্টেট ক্যাপিটল-এ অংশগ্রহণ, যেখানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিতে একটি সম্মাননা গ্রহণ করবেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেখানে তিনি শান্তি স্থাপন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন।
এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে দুদেশের সামরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
সেনাবাহিনী প্রধানের এই সফরকে দুই দেশের মধ্যকার কৌশলগত ও শান্তি রক্ষার সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।