
উথোয়াই খৈ, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মিলিটারি একাডেমি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে একটি এসি কোচ ও পাওয়ার কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে সৌভাগ্যক্রমে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুনের উৎপত্তি পাওয়ার কারে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিকল্প পাওয়ার কার সংযুক্ত করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো ট্রেনের শিডিউল বাতিল করা হয়নি। তবে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।