সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেল-এর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. নুরু বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে নুরুকে হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, হামলার পরপরই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নামে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের অফিস কক্ষে ঢুকে সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা। হামলায় শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বরও অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
এলাকায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় আহত সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।