
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরাম মোল্লা বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেঁয়াজ উত্তোলনের কাজ শেষে ইকরাম মোল্লা চারজন শ্রমিক নিয়ে একটি রিজার্ভ ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকরাম মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইজিবাইকে থাকা তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।