
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সিলেটি ভাষা ও সংস্কৃতি একটি অঞ্চলের মানুষের আত্মপরিচয়ের মূল ভিত্তি। এই চেতনা ধারণ করে সিলেটের ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে “ছিলটি লোক উৎসব ২০২৬”।
আয়োজকরা জানান, আবহমানকাল থেকে সিলেটের মানুষ স্রষ্টাভক্ত, ধর্মপরায়ণ, মিশুক ও অতিথিপরায়ণ হিসেবে পরিচিত। সুফী-দরবেশ ও মুনি-ঋষিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এ অঞ্চলের মানুষের জীবনাচারে প্রতিফলিত হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো সিলেটের ভাষা ও সংস্কৃতির মধ্যেই সুস্পষ্টভাবে ফুটে ওঠে।
তবে বর্তমান গ্লোবালাইজেশন ও ডিজিটালাইজেশনের যুগে বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। এতে ধীরে ধীরে গড়ে উঠছে এক ধরনের মিশ্র ও উদ্দেশ্যহীন সাংস্কৃতিক ধারা, যা নতুন প্রজন্মকে তাদের ঐতিহ্য ও আত্মপরিচয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
এমন প্রেক্ষাপটে আয়োজকরা মনে করছেন, সিলেটের মরমী সুফীবাদী দর্শনে লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানো এখন সময়ের দাবি। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শেকড়ের সন্ধান পাবে এবং ধর্মীয় ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ একটি সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।
এই লক্ষ্যেই আগামী ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, Sylhet নগরীর ঐতিহাসিক Ali Amjad Clock Tower ও Keane Bridge সংলগ্ন প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হবে “ছিলটি লোক উৎসব ২০২৬”।
উৎসবে থাকছে ছিলটি লোকগান, ধামাইল, বিয়ের গান, ইসলামী সংগীত, ছিলটি কবিতা, ছড়া, পুঁথি পাঠ এবং নাট্য পরিবেশনা। আয়োজকরা সকল শ্রেণি-পেশার মানুষকে উৎসবে উপস্থিত হয়ে সিলেটের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির এই আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়েছেন।