
মোঃ মনির হোসেন
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার দাবিতে কাপড় ব্যবসায়ী ও তার ছেলের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দ্বাবারিয়া গ্রামের চেনি (৪০) ও জালাল (৩০)।
গত বুধবার দুপুরে শাহজাদপুর কাপড় বাজারে ব্যবসায়ী মানিক মিয়া ও তার ছেলে অন্তরের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
এদিকে হামলার প্রতিবাদ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের হামলা চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বাড়বাড়ন্তের ভয়াবহ চিত্র তুলে ধরছে। একজন বাবার সামনে ছেলের ওপর হামলা এবং ছেলের চোখে বাবার অসহায়ত্ব—এ দৃশ্য সমাজের জন্য উদ্বেগজনক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সার্কেল এসপি হাফিজুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহজাদপুরে কিশোর গ্যাং ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।