শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ
প্রতিবেদক: মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের বাগআঁচড়া ইউনিয়ন-এর ঘোষপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির অভিযোগ উঠেছে আলী আহমদ ও মশিয়ার নামে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখে আঙুল দেখিয়ে তারা অবৈধভাবে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, এই দুই ভাই প্রভাব খাটিয়ে দিনের পর দিন ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করছেন। বাগআঁচড়া বাজারে তাদের নিজস্ব গুড়ের দোকানও রয়েছে। শীত মৌসুমে নকল খেজুরের গুড় এবং বর্তমানে পবিত্র রমজান মাসে ভেজাল আখের গুড় তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, তারা একাধিকবার বাধা দিলেও অভিযুক্তরা দাপটের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল এবং ভবিষ্যতে ভেজাল গুড় উৎপাদন না করার জন্য সতর্ক করা হয়। তবে অভিযোগ রয়েছে, জরিমানার পরও তারা পুনরায় একই কার্যক্রম চালু করেছেন।
সাম্প্রতিক অনুসন্ধানে কারখানায় চিনি, কেমিক্যাল ও ফিটকিরি ব্যবহার করে গুড় তৈরির প্রমাণ মিলেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত কারখানার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।













