র্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ীর কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে ধামরাইয়ের সিতি বাজার ও নওগাঁওকাইত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী জেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে আতর শেখসহ রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলেও জানা গেছে।
গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— কামিল সর্দার (৩৫), রকি শেখ (২৬), রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২), হাসান সর্দার (২৩), মোঃ বাশার শেখ (২৬) ও মোঃ শুভ শেখ (২০)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।













