
রাজশাহী প্রতিনিধি
মোঃ শান্ত ইসলাম
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের বাধ্যতামূলক রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলার একটি পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান।
অভিযান শেষে তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সরকার সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, পরিদর্শনের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়। অনুমোদন ছাড়াই তেল বিক্রি করা হচ্ছিল এবং গ্রাহকদের রশিদ প্রদান করা হচ্ছিল না। এছাড়া তেল বিক্রির কোনো বৈধ নথিও উপস্থাপন করতে পারেনি পাম্প কর্তৃপক্ষ।
মজুত সংক্রান্ত হিসাবও যাচাইযোগ্য ছিল না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাম্পটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র্যাব-৫ এর সদস্য এবং ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।