
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
রাঙামাটি জেলা, ১২ ফেব্রুয়ারি: শান্তিপূর্ণ পরিবেশে হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলা জুড়ে ২১৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
জেলার একমাত্র সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীর্ষ প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা কোদাল প্রতীকে, খেলাফত মজলিস মনোনীত আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে, গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার ট্রাক প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে অংশ নিচ্ছেন।
রাঙামাটি জেলার ১০টি উপজেলায় ২০টি হেলিসিটি কেন্দ্রসহ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দায়িত্বে আছেন ২০ জন ম্যাজিস্ট্রেট, ৩৭ প্লাটুন বিজিবি, আড়াই হাজারের বেশি আনসার, দেড় হাজারের বেশি পুলিশ এবং প্রায় তিন হাজার সেনাবাহিনীর সদস্য।
বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার বরাতে জানা যায়, জেলায় ভোটগ্রহণ শুরু থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।