রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বৃদ্ধি এবং গ্যাস বিতরণ লাইনে স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের তুলনায় আরও ৩ ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সরকারি সূত্রে জানানো হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বেড়ে যায়। ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি ও ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কোনো রেশনিং থাকবে না।
ঈদের ছুটি শেষে ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হবে। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।













