
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, যার ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই হিসেবে দেশটিতে ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ উদযাপিত হতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদ দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র সদস্য তামিম আল তামিমি রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) ভোর ৬টার দিকে চাঁদের ছবি ধারণ করেন।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দেখা সম্ভব নয়, তাই পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনা কম।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা বেশি।