
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোর শহরতলীর ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান জানান, তিনি ব্যক্তিগত কাজে যশোর শহরে এসে কাজ শেষে বাড়ি ফেরার পথে পাম্পে তেল নিতে যান। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর তিনি ৫০০ টাকার তেল নেন। এ সময় ট্যাংকি পূর্ণ থাকায় তেল উপচে ইঞ্জিনে পড়ে যায়। পরে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
সোনালী ফিলিং স্টেশনের ম্যানেজার মাফুজুর রহমান আনিস বলেন, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোটরসাইকেলের ট্যাংকি পূর্ণ থাকায় অতিরিক্ত তেল উপচে পড়ে এবং দুর্ঘটনার সূত্রপাত হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে পাম্পটি রক্ষা পায়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পাম্পে তেল সরবরাহ কার্যক্রম চালু আছে।