
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা কয়েকদিনের ছুটিতে গ্রামে ফিরছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং একই সঙ্গে বেড়েছে যমুনা সেতুর টোল আদায়ের পরিমাণও।
যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, গত ৩২ ঘণ্টায় সেতু দিয়ে ৪৫ হাজার ৬২৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।
তিনি আরও জানান, নির্বাচনী ছুটির কারণে মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
সাধারণত যমুনা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময়ের মতো বিশেষ পরিস্থিতিতে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এবার ঈদ না থাকলেও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।