
নুর ইসলাম, উপজেলা প্রতিনিধি (মহম্মদপুর, মাগুরা):
মাগুরার মহম্মদপুর উপজেলায় পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে রাসেল (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়রিয়া গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে রাসেলের সঙ্গে একই এলাকার কাবুলের স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কাবুল। এ নিয়ে পারিবারিক কলহের জেরে কাবুল তার স্ত্রীকে মারধর করলে তিনি বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই কাবুল ও রাসেলের মধ্যে উত্তেজনা চলছিল।
গত বৃহস্পতিবার বিকেলে বড়রিয়া গ্রামে কাবুলের নেতৃত্বে কয়েকজন যুবক রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আঘাতে রাসেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে আহত রাসেলের খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান,
“এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”