
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
মনিরামপুরে বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শাবানা নামে এক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (১০ মার্চ) সকালে মনিরামপুর উপজেলার কাশিম নগর গ্রামের জাহিদুল ইসলামের বাড়ির সামনে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯:৩০ ঘটিকার সময় শাবানা নিজ বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ রাস্তার ইটের সাথে পা বেঁধে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৩০ ঘটিকার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাবানার স্বামী জাহিদুল ইসলাম জানান, শাবানা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানসহ স্ত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম ও ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।