
মো. শাহীন হাওলাদার | ক্রাইম রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ মহড়া পরিচালিত হয়।
উপজেলা সদর থেকে শুরু হওয়া মহড়ায় যৌথ বাহিনীর সদস্যরা সোনাপুর ও মাঝারদিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয় এবং বিভিন্ন পয়েন্টে পেট্রোল টিম মোতায়েন করা হয়।
মহড়াকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়। ভোট ও ভোটারের নিরাপত্তায় যৌথ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। এ মহড়া ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। সকল ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, ভোটগ্রহণের দিন ভোটারদের দুটি ব্যালট পেপার দেওয়া হবে—একটিতে গণভোটের জন্য ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট এবং অন্যটিতে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট প্রদান করা যাবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।