
ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, আধুনিক ও উন্নত জাতি গঠনের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য হওয়া উচিত এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কবির ভাষায় আমাদের মনে রাখতে হবে— ‘এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।” তিনি আরও যোগ করেন, নারীদের নিজেদেরও সচেতন হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন, বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিণী ও শিক্ষাবিদ শারমিন ফরিদ।
সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক, থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, এবং নারী উদ্যোক্তা রেশমা খাতুন, রাবেয়া খাতুন ও শারমিন জাহান।
আলোচনা শেষে সফল নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।