
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, বিশেষ প্রতিনিধি ::
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে প্রবাসী সমাজকর্মী ও গুণীজনদের অংশগ্রহণে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় প্রকল্পস্থলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওর। প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিদর্শন করেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মো. ওয়াহিদুর রহমান চৌধুরী।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল ও গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার শহীদ আবুল কালাম সেতু, হাজী মো. ইমাম উদ্দিন, ছানাওর আহমদ, শিক্ষানুরাগী মো. বাহারাম খান, জামিয়া ইসলামিয়া খাগদিওর মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা, আলতাফ রহমানী চৌধুরী, সিলেট কালীঘাটের ব্যবসায়ী ও সমাজসেবী মো. নজরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফাউন্ডার ইফতিকার আহমদ এবং রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক।
প্রকল্পের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মকবুল আহমদ, লেখক ও গবেষক এবং দয়ামীর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান এবং সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার নজির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী সদস্য এম এ কাদির, গহরপুর ব্লাড ফাইটার্স-এর সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ, সহসভাপতি মাহদি আহমদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ রিপন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা ‘আত-তাকওয়া’ প্রকল্পের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রবাসী ও দেশীয় দাতাদের সম্মিলিত উদ্যোগে এ প্রকল্প শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপলুল হক। শেষে হাফিজ মাওলানা মকবুল আহমদ-এর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিক, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও নার্সিং হোমের জন্য ভূমি ভরাট, বাউন্ডারি দেয়াল নির্মাণ, দুইটি সংযোগ সড়ক ও বিদ্যুৎ সংযোগের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে প্রকল্পের পরবর্তী উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।