
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।
জয়েন্ট বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এ ককটেলগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাত সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা একটি প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।