
আরিফ হাসান গজনবী, প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে যুব সমাজকে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বাগেরহাট জেলা যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট এর আয়োজনে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর দেওয়ান মুহাম্মদ আবুজার, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মোঃ আব্দুল কাদের।
বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, মাদক, সহিংসতা ও অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে যুবদের সম্পৃক্ততা অপরিহার্য। তারা আরও জানান, দক্ষ ও সচেতন যুবসমাজ গড়ে উঠলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
বাগেরহাট জেলার যুব প্রতিনিধি মোঃ সোহানুর রহমান সমসাময়িক অপরাধসমূহ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও তার প্রতিকার বিষয়ে ধারণা প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় যুবকরা অংশ নেন। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করা যায়।