
বাগদাদ, ইরাক:
সোমবার (৩০ মার্চ) ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টরি বেসে রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ঘাঁটিতে থাকা একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে আগুনে পুড়ে যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এই বিস্ফোরণগুলো ড্রোনের কারণে নয়, বরং রকেট হামলার ফলে হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভিতরে অবস্থিত ঘাঁটিটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
ঘটনাস্থলে কোনো মার্কিন সেনা মোতায়েন না থাকলেও, এটি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ভিক্টরি বেস যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সময় দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত সামরিক অঞ্চলগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র আগেই ঘাঁটিটি খালি করেছে।
এদিকে, রাত জুড়ে বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে, যা পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়েছে। অন্যদিকে, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে।