
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধ মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর সাহাপাড়া ও উত্তর আমইন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের ২টি কল্কি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উত্তর সাহাপাড়া এলাকার মো. জুযেল সর্দার (২৯) এবং উত্তর আমইন এলাকার মো. আল আমিন (৩২)।
পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।