
সাজেদুল ইসলাম রাসেল,
বিশেষ প্রতিনিধি, বগুড়া:
আদমদীঘী উপজেলা, বগুড়া-এ মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার ইউসুবপুর গ্রাম থেকে সুজন পাহান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত বাবলু পাহানের ছেলে।
ডিএনসি বগুড়ার জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের কর্মকর্তারা অভিযান চালিয়ে সুজন পাহানের নিজ বাড়ির পশ্চিম দুয়ারী মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের ভেতর চৌকির নিচ থেকে একটি প্লাস্টিক জারিকেনে রাখা প্রায় ৮ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করেন। এ সময় একই স্থান থেকে দুটি প্লাস্টিকের বালতিতে রাখা চোলাইমদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ মোট ৪০ লিটার জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত সুজন পাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদীঘী থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মিজ শামীমা আক্তার।