
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, তৈরির সরঞ্জাম এবং ভুয়া রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, একটি শীর্ষস্থানীয় তামাক কোম্পানির কর্মকর্তা অসিত কুমার ঘোষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় অস্থায়ী কারখানা স্থাপন করে একটি চক্র নকল সিগারেট তৈরি করছে। খবর পেয়ে ডিবির একটি দল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায়।
অভিযানে মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২) নামে তিনজনকে আটক করা হয়। তারা সবাই নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ডার্বি ব্র্যান্ডের নকল সিগারেটের প্যাকেট, খোলা অবস্থায় বিপুল পরিমাণ স্টার সিগারেট, খালি প্যাকেট এবং প্যাকেজিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে স্বীকার করেছে।