
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার ::
ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটির ভেতর থেকে টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের কৌটায় সংরক্ষিত বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো কোতোয়ালি থানায় নিয়ে পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অথবা ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনায় এসব বস্তু সেখানে রেখে যেতে পারে—এমন প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে হাতবোমা বা অন্য কোনো ধরনের বিস্ফোরক কিনা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।