
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ৭ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে পাম্পিং শুরু হয় এবং ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে জ্বালানি তেল গ্রহণ কার্যক্রম শেষ হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন এবং চলতি এপ্রিল মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আনা হবে।
এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে এসেছে।