নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন মাইজদী নতুন হাউজিং (বালুর মাঠ) এলাকায় যৌথ অভিযানে জসিম উদ্দিন জহির (৫৫) নামের এক ব্যক্তিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এবং র্যাব-১১ সিপিসি-৩ এর যৌথ রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল রোডের দক্ষিণ পাশে মোঃ রহিমের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীতে সরবরাহ করতেন। প্রতিটি চালান পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রায় ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন বলেও স্বীকার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।