
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল—পেট্রোল ও অকটেন—মজুত করে বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া, সহায়তা করে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী সেলিম রেজাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করে মজুত তেল সরাসরি ক্রেতাদের কাছে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে তেল বিক্রি করা হবে না, এ বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।