নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচন কমিশনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, সারা দেশে ‘ধানের শীষ’ প্রতীকের ব্যাপক বিজয় দেখা গেছে। ১৯৯১ ও ২০০১ সালের পর এটিই বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের ফল হিসেবেই এই গণরায় এসেছে।
গত বছরের ৩০ ডিসেম্বর দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল জাতীয়তাবাদী শক্তি। সেই শোককে শক্তিতে রূপান্তর করে দলকে ঐক্যবদ্ধ করেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়।
ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করে নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে তৃণমূল রাজনীতির মাধ্যমে যাত্রা শুরু করে ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সংকটকালীন সময়ে নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত রাখেন।
দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় বিএনপির প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জই এখন সবচেয়ে বড় পরীক্ষা।













