
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনসংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে। এ তথ্য জানিয়েছেন ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৯৯৯ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থাপিত আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের নির্বাচনসংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়। কার্যক্রমটি ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয়।
তিনি আরও বলেন, নির্বাচনসংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ৮ হাজার ৩৮০টি ফোনকলের মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে। এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানার উদ্দেশ্যে।