
স্টাফ রিপোর্টার: মোঃ সাগর
নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও একটি রেপ্লিকা পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার রশিদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেন নামে এক ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর উদ্দেশ্যে একটি অস্ত্র বের করেন। খবর পেয়ে গুরুদাসপুর সেনা ক্যাম্পের সদস্যরা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।
অভিযানে সন্দেহভাজন আলমগীর হোসেনকে একটি রেপ্লিকা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি নকল অস্ত্র ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেন এবং চাঁদাবাজির সঙ্গেও জড়িত ছিলেন।
আটক আলমগীর হোসেন রশিদপুর বাজার এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।