
ফজলে রাব্বি পাপপু, নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) ইউনিয়নের তিন নারী সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে কার্ড বিতরণে স্বেচ্ছাচারিতা করার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী তিন নারী সদস্য হলেন রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম।
অভিযোগে বলা হয়েছে, সরকার ঈদকে সামনে রেখে ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারগুলোর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করে থাকে। কিন্তু বীরগাঁওয়ে এই বিতরণে নিয়ম মানা হয়নি। চেয়ারম্যান তাদের কাউকেই না জানিয়ে নিজের পছন্দমতো ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণ করেছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, “প্রতিবারই আমাদের না জানিয়ে কার্ড বিতরণ করা হয়। তাই বাধ্য হয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।”
চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “প্রথমে ২ হাজার কার্ড পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২০৮টি কার্ড পেয়েছি। তাই সবার চাহিদা অনুযায়ী কার্ড দেওয়া সম্ভব হয়নি।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি তদন্তের জন্য পিআইওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী রোববার চেয়ারম্যানকে ডাকা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”