
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
নওগাঁর বদলগাছী উপজেলার শশান ঘাট থেকে নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামে মরাপুতি শশান ঘাটের একটি আমগাছের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন কুমার মহন্ত ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি অজিত (৩০) একজনকে আমগাছের সঙ্গে হেলান দিয়ে বসে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, নয়ন প্রায় ১৮ দিন আগে মিঠাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে গিয়েছিলেন। মৃত্যুর একদিন আগে তিনি মোবাইল ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। সোমবার সকাল ১০টার পর মিঠাপুর সাহেব বাজার থেকে হঠাৎ অনুপস্থিত হন। সহকর্মীরা খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।”