নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ
স্টাফ রিপোর্টার: নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত দুটি সড়কের ঠিক মাঝখানে দুই যুগেরও বেশি সময় ধরে খুঁটি দুটি দাঁড়িয়ে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ ও যানবাহন চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ভবানীপুর বাজারের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি অবস্থান করছে। রাস্তা তুলনামূলক সরু হওয়ায় বড় যানবাহন প্রবেশ করতে পারছে না। ছোট যানবাহন চলাচলের সময়ও প্রায়ই খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে ঝুঁকি আরও বেড়ে যায়।
ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আরিফুজ্জামান লেবু বলেন, একটি গুরুত্বপূর্ণ বাজারের রাস্তার মাঝখানে খুঁটি থাকা উন্নয়নের পথে বড় বাধা। গত ২০-২৫ বছর ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সমস্যায় ভুগছেন। মালামাল আনা-নেওয়ার সময় ব্যবসায়ীরা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। দ্রুত খুঁটি দুটি স্থানান্তরের দাবি জানান তিনি।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাস্তা প্রশস্ত হলেও মাঝখানে খুঁটি থাকায় কোনো সুফল মিলছে না। প্রায়ই ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। বড় কোনো দুর্ঘটনার আগেই খুঁটি অপসারণের দাবি জানান তিনি।
স্থানীয় সমাজসেবক মো. মঞ্জুরুল হক বলেন, ভবানীপুর বাজার এলাকাটির অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই পথে চলাচল করেন। রাস্তার মাঝখানে খুঁটি থাকাটা অত্যন্ত দুঃখজনক এবং জনস্বার্থবিরোধী। জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান প্রয়োজন।
এ বিষয়ে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি তার ব্যক্তিগত দায় নয়। রাস্তা নির্মাণের সময় সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। কারিগরি কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, পল্লী বিদ্যুতের এজিএম মো. রাজু হাসান জানান, তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।