নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে স্থায়ী ভবনের অভাবে চরম দুরবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে। বর্তমানে পোস্ট অফিসটি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ কক্ষে কার্যক্রম চালাচ্ছে, যা অফিস পরিচালনার জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের জন্য সেখানে গিয়ে সেবা গ্রহণ করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে গ্রাহকদের ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে।
পোস্ট অফিসে কর্মরত পোস্টমাস্টারসহ অন্যান্য কর্মচারীদেরও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে। পরিবার থেকে দূরে থেকে এমন অনিরাপদ পরিবেশে কাজ করায় তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, বাংলাদেশ ডাক বিভাগ-এর অধীন এই পোস্ট অফিসটি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে থাকে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত বান্দাইখাড়ায় একটি স্থায়ী ও আধুনিক পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন জনসাধারণের ভোগান্তি কমবে, অন্যদিকে ডাক বিভাগের সেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।